প্রকাশ :: ... | ... | ...

পটিয়ায় আমজু মিয়ার বলীখেলায় চ্যাম্পিয়ন মহেশখালীর মাসুম বলী।


সংযুক্ত ছবি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) বিকেলে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার ঐতিহাসিক পরীর দীঘির পাড় ও আমজু মিয়া চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মাঠে এ বলীখেলার আয়োজন করা হয়।খেলাকে ঘিরে দূরদূরান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। আয়োজক সূত্রে জানা যায়, এবারের আসরে পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও অন্যান্য এলাকা থেকে অর্ধশতাধিক বলী অংশ নেন। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাসুম বলী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হন বোয়ালখালীর কাঞ্চন বলী। বলীখেলা উপলক্ষে দিনব্যাপী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করতে থাকেন।বিকেলের পর দর্শকদের উপস্থিতিতে খেলার মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনামুল হক এনাম।অনুষ্ঠানের উদ্বোধন করেন নুরুল ইসলাম সওদাগর।সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। সঞ্চালনা করেন বলীখেলা উদযাপন কমিটির সদস্যসচিব ও আয়োজক কমিটির সচিব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। এ ছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আয়োজক কমিটির সচিব শাহজাহান চৌধুরী বলেন, “পটিয়ার ঐতিহ্যবাহী বলীখেলাকে টিকিয়ে রাখতে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে।নতুন প্রজন্মের কাছে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।” স্থানীয় প্রবীণদের মতে, পঞ্চাশের দশকে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রয়াত আমজু মিয়া সওদাগর এ বলীখেলার সূচনা করেন।তাঁর মৃত্যুর পর ছেলে আবু মুছা সওদাগর আয়োজনের দায়িত্ব পালন করেন।বর্তমানে তাঁদের উত্তরসূরিরা দীর্ঘদিনের এই ঐতিহ্য ধরে রেখেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমজু মিয়া চেয়ারম্যানের ভাতিজা মোরশেদুল আলম এবং চেয়ারম্যানের নাতি আমিরুল আলম মাসুক।